ভিডিও বৈঠকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ২৬তম সভা

২৪ মার্চ, ২০২০ ২১:৫৮  
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ২৬তম সভা। সভাপতিত্ব করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় প্রতিমন্ত্রী পলক করোনাভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবার কথা জানান। মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর সভাকক্ষ থেকে এই সভায় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম জুমের মাধ্যমে সভায় যুক্ত হন। সভার আলোচ্যসূচি অনুযায়ী নির্ধারিত ১৪টি বিষয় ছাড়াও উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। চলমান পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়ে সকলে একমত পোষণ করেন। সভায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ এসোসিয়েশন ফর সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) এর প্রতিনিধিগণ নিজ নিজ দপ্তর থেকে যুক্ত হন।